জাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা যৌন নিপীড়নের অভিযোগে ওই বিভাগের শিক্ষক গোলাম মোস্তাফার অপসারণের দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
একই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার অনুষ্টিতব্য জরুরি সিন্ডিকেট সভা ঘেরাও করবে।
বুধবার শিক্ষার্থীরা মিছিল সমাবেশ, অভিযুক্ত শিক্ষকের কুশপুত্তলিকা দাহ ও দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপাচার্য অফিস ঘেরাও করে রাখে।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. এনামুল হক খান শিক্ষার্থীদের সামনে হাজির হয়ে ঘোষণা করেন বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে ঘটনা তদন্তে গঠিত সত্যাসত্য যাচাই কমিটির সদস্য ও নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. ফারজানা ইসলাম বলেন, “বুধবার সকাল ১১টায় উপাচার্যের কাছে রিপোর্ট জমা দিয়েছি।”
একটি সূত্র জানায়, কমিটি অনেক অভিযোগের সত্যতা পেয়েছে।
অন্যদিকে বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষক গোলাম মোস্তাফাকে অপসারণ না করা পর্যন্ত বাংলা বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।
তারা আরও জানান, বৃহস্পতিবারের সিন্ডিকেট সভা ঘেরাও করা হবে।
