২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের কারমাইকেল কলেজে দিনভর সংঘর্ষ

রংপুরের কারমাইকেল কলেজে মঙ্গলবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে একদিকে ছিল ছাত্রশিবির অন্যদিকে ছাত্রলীগ, ছাত্রসমাজ, ছাত্রদল ও ব্যবসায়ীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 10:48 AM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আহত হয়েছে অর্ধশতাধিক। তাদের মধ্যে কমপক্ষে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে একটি মিছিল বের করে। কোনো উস্কানি ছাড়াই শিবির সে মিছিলে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া করে তারা কলেজের পার্শ্ববর্তী লালবাগ বাজারে নিয়ে যায়।

সেখানে শিবিরের নেতাকর্মীরা প্রায় ৫০টি দোকান ভাংচুর করে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের সঙ্গে যোগ দেন। ছাত্রলীগ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে শিবির কর্মীদের ধাওয়া করে আবার ক্যাম্পাসে নিয়ে আসে।

পরে সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সঙ্গে জাতীয় পার্টির ছাত্রসংগঠন ছাত্রসমাজও যোগ দেয়।

এতে উভয় পক্ষের মধ্যে আবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা ছয় রাউন্ড করে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে।

কয়েক দফার ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা জানান। অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

রাত নয়টার দিকে শিবির প্রতিরোধে ছাত্রলীগ ও ছাত্রসমাজের সঙ্গে ছাত্রদলও যোগ দিয়েছে বলে জানা গেছে।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিবদমান দু’পক্ষের মধ্যে আপোসের জন্য তিনি প্রস্তাব দিলেও দু’পক্ষের কেউই তাতে সাড়া দেয়নি।