ইংরেজি মাধ্যম স্কুলের পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধ অনুপস্থিত
ঢাকা শহরের নামী-দামী ইংরেজি মাধ্যম স্কুলগুলোর পাঠ্যক্রমে দেশের মুক্তিযুদ্ধবিষয়ক তথ্য নেই বললেই চলে। অনেকগুলো স্কুলে বিজয় দিবসও পালন করা হয় না। এসব স্কুলের পাঠ্যসূচী ঘেঁটে এবং স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
২০০৬ সালের জিসিই, ও লেভেলের পাঠ্যসূচীতে দেখা গেছে, এখানে মানবিক বিভাগে ‘হিস্ট্রি’ নামে দুটি বিষয় থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে কোনো অধ্যায় নেই। তবে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিশ্বের সুপারপাওয়ার, ১৯৪৫ সাল পরবর্তী সামরিক সংঘাত, পশ্চিমা ইউরোপের অভ্যন্তরীণ সমস্যা, আমেরিকা, ইউএসএসআর অ্যান্ড ইস্টার্ন ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য এবং এশিয়া নিয়ে অধ্যায় রয়েছে।
এশিয়া অধ্যায়ে কুমিনটাং ও কমিউনিজমের অধীনে চীন ও জাপানের বিভিন্ন বিষয়, ব্রিটিশ শাসনের অধীনে ভারতীয় উপমহাদেশ, ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ সমস্যা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের উত্থান ইত্যাদি বিষয়ের উল্লেখ থাকলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো বিষয় এখানে রাখা হয়নি।
ঢাকার সেন্ট যোসেফ স্কুলের শিক্ষিকা সিমেলিয়া আফরোজ বলেন, “স্কুলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামাজিক বিজ্ঞান বই থেকে ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন বিষয় পড়ানো হয়। কিন্তু বিজয় দিবসে স্কুল বন্ধ থাকায় দিনটি পালন করা হয় না।”
তবে তার কাছ থেকেই জানা গেল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিতেও স্কুলের ছাত্র-ছাত্রীদের শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় না। রুটিন ওয়ার্কের মতো স্কুল প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে এ দিন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।’
সেন্ট যোসেফ স্কুলের ক্লাস ফোরের ছাত্র কাজী এমডি সাইমুল রেজা জানায়, চতুর্থ ভাগের বাংলা বই থেকে সে বিজয় দিবস সম্পর্কে জেনেছে। বাবা-মাও তাকে এ ব্যাপারে জানতে সহায়তা করেছেন। কিন্তু তৃতীয় শ্রেণী থেকে এ স্কুলে পড়লেও গত দু বছরে কোনোদিন স্কুলে বিজয় দিবস পালন হতে দেখেনি।
দিবসটি পালনের ব্যাপারে তারা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কিনা জানতে চাইলে সাইমুল বলে, স্কুলে পড়ার যে চাপ, তাতে এ নিয়ে আলোচনা করার সময় কোথায়?
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এক ছাত্রী জানায়, এ স্কুলে তার ১০ বছরের শিক্ষা জীবনে কখনোই বিজয় দিবস পালন করতে দেখেনি। স্কুলের পাঠ্যপুস্তকে এ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো পাঠ অন্তর্ভুক্ত নেই।
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (বিআইএস) বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো অধ্যায় আছে কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “আসলে এখানে দুই ধরনের পাঠ্যসূচী অনুসরণ করা হয়। একটি এনসিটিবির, আরেকটি আন্তর্জাতিক। এনসিটিবির পাঠ্যসূচীতে সমাজ বিজ্ঞান বইয়ে মুক্তিযুদ্ধবিষয়ক যে তথ্য আছে, তা অসম্পূর্ণ, বিভ্রান্তিকর এবং বিতর্কিত। আন্তর্জাতিক পাঠ্যসূচীতেও এ সম্পর্কে কোনো তথ্য নেই।’
তবে স্কুলের উদ্যোগে বাংলাদেশের ইতিহাস এবং সাধারণ জ্ঞানের বইয়ে মুক্তিযুদ্ধ বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে বলে তিনি জানান। মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন দিবস উদযাপন সম্পর্কে ওই শিক্ষক বলেন, আমরা ২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি। কিন্তু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে নির্দিষ্ট কোনো অনুষ্ঠান থাকে না।
ধানমণ্ডির অ্যাকাডেমিয়া স্কুলে চার-পাঁচটি গান গাওয়ার মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম সম্পন্ন করা হয়। জানালেন ওই স্কুলের এক শিক্ষক।
তবে পুরানা পল্টনের লিটল জুয়েলস ইনফ্যান্ট অ্যান্ড জুনিয়র স্কুলে পূর্ণ মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়। এ স্কুলের শিক্ষার্থীরা জানান, তাদের আগে থেকেই বিজয় দিবসের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হয়। তারাও সোৎসাহে এতে যোগ দেন।
সানিডেল স্কুলে প্লে গ্রুপ পড়ুয়া সুবাইদা নুজাবার অভিভাবক জানান, প্লে গ্রুপে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো কিছু অন্তর্ভুক্ত না থাকলেও শিক্ষকরা ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র বা নাটক দেখান এবং ক্লাসে এ নিয়ে আলোচনা করেন।
