২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ভর্তির আবেদনপত্র বিক্রি বন্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনপত্র রোববার শুরু করেই আবেদনপত্রে ভুল থাকার কারণে আবার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

আবেদনপত্র কিনতে আসা শিক্ষার্থী ও অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে আবেদনপত্র বিতরণ শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা আবেদনপত্রের প্রবেশপত্রে “প্রবেশপত্র ও সেশন” উল্লেখ না থাকার অভিযোগ করেন।

এ অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষ দুপুর ২ টার দিকে আবেদনপত্র বিতরণ বন্ধ করে দেন এবং আগামীকাল (সোমবার ) থেকে নতুন করে আবেদনপত্র বিতরণ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা থেকে জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেস সূত্রে জানা যায়, ইতোমধ্যে প্রায় ২৫ থেকে ২৬ হাজার আবেদনপত্র ছাপানো হয়েছে যার মূল্য প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা। সংশ্লিষ্ট কমিটির গাফিলতির কারণে বিশ্ববিদ্যালয়কে এ ক্ষতি গুণতে হচ্ছে।

এ ব্যাপারে আবেদনপত্র ও ভর্তি নির্দেশিকা কমিটির আহ্বায়ক ড. ফারুকুজ্জামান খান বলেন, এটি ছাপার ভুলের কারণে হয়েছে। নতুন করে ফরম তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ড. রেজাউল করিম বলেন, এটি একটি ‘প্রিন্টিং মিস্টেক’। আগামীকাল থেকে নতুন ফরম বিতরণ করা হবে। বিক্রিত প্রায় এক হাজার আবেদনপত্র সম্পর্কে তিনি বলেন, “আবেদনপত্রের সমস্যা সমাধান করে দেওয়া হবে”।