২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য কর্তৃপক্ষ শনিবার ৩ সদস্যের সত্যাসত্য যাচাই কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক সিকান্দার দারা শামসুদ্দীনকে প্রধাণ করে গঠিত কমিটির বাকি দুই সদস্য হলেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক সাকিনা সুলতানা এবং নৃবিজ্ঞান বিভাগের ড. ফারজানা ইসলাম। দ্রুত তদন্ত শেষে রিপোর্ট দেয়ার জন্য কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষক গোলাম মোস্তফার শাস্তি দাবি করে অভিযোগকারী ছাত্রীর সহপাঠীরা শনিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। এর আগে তারা ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে।

একই দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছে। রোববার থেকে লাগাতার অন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্রজোট। জাবি ছাত্রদলও অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

প্রসঙ্গত বাংলা বিভাগের এক ছাত্রী সম্প্রতি প্রশাসনের কাছে একই বিভাগের শিক্ষক গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন।