২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনির্ধারিত বন্ধে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল-কলেজ কর্তৃপক্ষের ভোগান্তি চরমে

বার্ষিক পরীক্ষা, মাধ্যমিক পর্যায়ের নির্বাচনী পরীক্ষা, ভর্তির প্রক্রিয়া শুরু ইত্যাদি কারণে নভেম্বর ও ডিসেম্বর মাস শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। কিন্তু দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এ বছর শিক্ষার্থীর লেখাপড়ায় ব্যাঘাত ঘটেছে। স্কুল কলেজের স্বাভাবিক কার্যক্রমও ব্যহত হয়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক-তিন শ্রেণীকেই।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যহত হওয়ায় ঘাটতি পূরণে প্রয়োজনীয় নানামুখী বিকল্প ব্যবস্থা নিতে হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।

নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্টা জানান, ‘পূর্ণাঙ্গ পরিসংখ্যান না থাকলেও হরতাল বা অবরোধের কারণে এ বছর প্রায় ত্রিশ দিনের মতো ক্লাস বা পরীক্ষা নেয়া সম্ভব হয় নি।’

নির্ধারিত সময়ে সিলেবাস শেষ না হওয়ায় পাঠ্যক্রমের বিষয়গুলো কিভাবে সমন্বয় করা হয়েছে, এ ব্যাপারে জানতে চাওয়া হলে ঢাকার কয়েকটি নামকরা স্কুল কলেজের শিক্ষকরা প্রায় অভিন্ন বক্তব্য দিয়েছেন। ফাদার বেঞ্জামিন কস্টা বলেন, সাধারণত হরতাল বা অবরোধের কারণে ক্লাস বা পরীক্ষা পরিত্যক্ত হলে শুক্র ও শনিবারে সেই ক্লাস ও পরীক্ষা আয়োজন করতে হয়েছে।

ব্যবহারিক বা কুইজ পরীক্ষা কলেজের নির্ধারিত সময়ের পর নিতে হয়।

যেহেতু অনেক দূর থেকে শিক্ষার্থীরা কলেজে আসে, সে জন্য হরতাল বা অবরোধে সচরাচর ক্লাস হয় না। তবে উপস্থিতি পঞ্চাশভাগের ওপরে হলে ক্লাস নেওয়া হয়। রাজনৈতিক কারণে ক্লাস ব্যহত হতে পারে– এ আশংকায় এ বছর দ্রুত সিলেবাস শেষ করার চেষ্টা হয়েছে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে সিলেবাস শেষ করা যায় নি। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বা ব্যপ্তি কমিয়ে ছোট কলেবরে করা হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রোয়েনা হোসেন জানান, ‘যেহেতু উত্তরা, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ ঢাকার দূরবর্তী এলাকা থেকে ছাত্রীরা আসে, সে জন্য অবরোধের সময় ক্লাস নেওয়া সম্ভব হয় নি। প্রভাতী এবং দিবা– দু’টি শিফট থাকার কারণে কার্যদিবসের সময়সীমা বাড়ানোও সম্ভব হয় নি। সম্প্রতি নির্বাচনী পরীক্ষার সময় অবরোধ হলেও আমরা যথাসময়ে পরীক্ষা শেষ করেছি। আর সিলেবাসের যে বিষয়টি ৫টি ক্লাসে পড়ানোর কথা, তা ৩ বা ৪টি ক্লাসেই শেষ করা হয়েছে। এসব অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে সাধারণ শিক্ষার পাশাপাশি অন্যান্য কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। যেমন, এ বছর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ কোনো বিতর্ক অনুষ্ঠানে অংশ নেয় নি।’

ঢাকার গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম বলেন, ‘৩য় দফা অবরোধে যেমন স্কুল কলেজ অবরোধের আওতামুক্ত ছিল, এরকম আগে হলে হয়তো বাড়তি ক্লাসের প্রয়োজন হতো না। ঘাটতি পূরণের জন্য তারা বন্ধের দিনেও ক্লাস নিয়েছেন।’

হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অফিসসূত্রে জানা যায়, তাদের শিক্ষার্থী সংখ্যা যেহেতু সীমিত, তাই তাদের খুব একটা সমস্যা হয় নি। ক্লাস পরিত্যাক্ত হলেও বন্ধের দিন তা পুষিয়ে নেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়া

নির্ধারিত সময়ে সিলেবাস শেষ না হওয়ায় ভোগান্তিতে বেশি পড়েছেন শিক্ষার্থীরা। সিলেবাসের পাঠ আয়ত্ত করতে তাদের বাড়তি শ্রম দিতে হয়েছে। গভঃ ল্যাবরেটরি স্কুলের নির্বাচনী পরীক্ষায় ১ম স্থান অধিকারী তানভিরুল ইসলাম বলেন, ‘প্রাক-নির্বাচনী পরীক্ষার আগেই তাদের সিলেবাস শেষ হয়েছে, যা অস্বাভাবিক।’ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার ৯ম শ্রেণীর ছাত্রী ফাবিহা বুশরা বলেন, ‘নিজ তাগিদ থেকেই তিনি বাসায় লেখাপড়া করে সিলেবাস শেষ করেছেন।’ নটরডেম কলেজের বিজ্ঞান ২য় বর্ষের ছাত্র অরুণ পোদ্দার বলেন, ‘আসলে এ পর্যায়ের লেখাপড়া অনেকটা নিজের কাছে। তাই চেষ্টা থাকে প্রাইভেট পড়ে বা নিজে পড়ে পরীক্ষার আগে সিলেবাস শেষ করা।’

অভিভাবকদের প্রতিক্রিয়া

বছর শেষে এ ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে অভিভাবকরা ক্ষুদ্ধ এবং হতাশ। তারা মূলত যাতায়াতের ব্যাপারটিকে গুরুত্ব দিয়েছেন বেশি। অবরোধ চলাকালে পরীক্ষা থাকায় যানবাহনের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। অষ্টম শ্রেণীর ছাত্রী সৈয়দা মারুফার অভিভাবক সৈয়দ সাহাবউদ্দিন বলেন, ‘আমি নারায়ণগঞ্জ থেকে মেয়েকে নিয়ে এসেছি ক্লাস করাতে। অবরোধে নারায়ণগঞ্জ থেকে আসা কতোটা ঝামেলার, তা ভুক্তভোগীরাই জানেন।’ আরেক অভিভাবক লোকমান হোসেন বলেন, ‘কিছু বিষয়ে সিলেবাসে শেষ হয় নি। তাড়াহুড়া করে শেষ করা হয়েছে। এ কারণে বাধ্য হয়ে গৃহ শিক্ষক রেখে সিলেবাস শেষ করতে হয়েছে।’