২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু শিক্ষার বরাদ্দ নিয়ে ভাবলে হবে না: শিক্ষামন্ত্রী

মেগা প্রকল্পসহ দেশের উন্নয়নে বিনিয়োগের ফলে শিক্ষা খাতে সরাসরি প্রভাব পড়ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শুধু শিক্ষার জন্য বরাদ্দ নিয়ে ভাবলে হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 07:32 PM

Updated : 22 Jul 2022, 04:00 AM

বৃহস্পতিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আজকে বিশ্ব বলছে জিডিপির শতকরা ৬ ভাগ বিনিয়োগ হওয়া উচিত শিক্ষায়। আমরা শিক্ষা ও মানবসম্পদ মিলিয়ে তিন ভাগের কাছাকাছি যেতে পেরেছি। আমাদের যেতে হবে আরও অনেক দূর।”

দেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ফলে শিক্ষার উন্নয়ন হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তবে এটাও সত্য- অন্যান্য বিনিয়োগ হচ্ছে। মেগা প্রকল্প, বিদ্যুৎ, যোগাযোগ, খাদ্য, পুষ্টি, এগুলোতে যে বিনিয়োগ এর ফলেও কিন্তু শিক্ষা খাতের উন্নয়ন হচ্ছে।

“সেগুলোর সরাসরি প্রভাব আমাদের শিক্ষার উপরে আছে। শুধু শিক্ষার জন্য বরাদ্দ নিয়ে ভাবলে হবে না।”

এসময় ২০২৩ সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে যাওয়া নতুন শিক্ষাক্রম তৈরির সময় বিজ্ঞানের ওপর গুরুত্ব দেওয়ার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন দীপু মনি।

“আমাদের নতুন নতুন উদ্ভাবন করতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রয়োগ করতে হবে, প্রযুক্তিবান্ধব হতে হবে। শুধু খেয়াল রাখতে হবে, নিজেরা যেন বিজ্ঞান ও প্রযুক্তির দাসে পরিণত না হই। এসব মাথায় রেখেই নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।”

সোশাল মিডিয়ার ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “প্রয়োজনের অধিক তথ্য বা অযাচিত তথ্যের ভারে যদি আমরা ভারাক্রান্ত হয়ে যাই, তাহলে সেটি জীবনের অনেক মূল্যবান সময় কেড়ে নেবে; নিচ্ছেও।

“আমরা অতিমাত্রায় ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছি, ফলে মনোযোগ ধরে রাখার সক্ষমতা হারিয়ে ফেলছি। সেজন্য আমাদের সতর্ক হতে হবে।”

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবাল। এছাড়া আরও বক্তব্য দেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।