২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পাচ্ছেন সেলিনা-মোমেন

বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে সেলিনা হোসেন ও আবুল মোমেন এ বছর সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 11:11 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

আগামী ৯ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার ২০১৮’ তুলে দেওয়া হবে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ‘নিঃসঙ্গতার মুখর সময়’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং গবেষণা গ্রন্থ ‘রবীন্দ্রনাথ: বিকল্পহীন অবলম্বন’ এর জন্য প্রাবন্ধিক আবুল মোমেনকে এই পুরস্কার দেওয়া হবে।

২০১৭ সাল থেকে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। ৯ মার্চ বিকালে অনুষ্ঠেয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

এছাড়া দেশের বাছাইকৃত ৫০টি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলা সাহিত্যের সাতটি শাখায় প্রতিযোগিতায় বিজয়ীদেরও এদিন পুরস্কৃত করা হবে।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরস্কারপ্রাপ্তরা এক লাখ টাকা করে পাবেন।