কোটা সংস্কার ছাড়াই বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়ায় বিক্ষোভ
কোটা পদ্ধতি সংস্কারের প্রজ্ঞাপন জারি না করেই ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে এই মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
সেখানে এক সমাবেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর বলেন, “কোটা সংস্কারের দাবি যৌক্তিক হওয়ার পরও ছাত্রদের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা কখনো কোটা বাতিলের দাবি জানাইনি। আমরা সবসময় সংস্কারের কথা বলেছি।
“প্রধানমন্ত্রী নিজেও সংসদে কোটা বাতিলের কথা বলেছেন। তিনি যদি চান, তাহলে বাতিল করতে পারেন। নইলে আমাদের দাবির আলোকে সংস্কার করতে হবে।”
পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহম্মদ রাশেদ খাঁন বলেন, “আজ দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন হয়নি। আমরা চাই, অতি দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হোক, যাতে ছাত্র সমাজের দাবি মেনে নেওয়া হয়।”
দাবি মেনে না নিলে আবারও লাগাতার আন্দোলনের হুমকি দিয়ে রাশেদ বলেন, “আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে। তারপরও ছাত্রসমাজ কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে বিন্দুমাত্র সরে যায়নি।
“যতদিন পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হবে, ততদিন আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্রসমাজ দেখিয়ে দেবে, কীভাবে রাজপথে দাবি আদায় করতে হয়।”
পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান আন্দোলনকারীদের তিন দফা দাবি সমাবেশে পড়ে শোনান। আরেক যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লাও এ সময় উপস্থিত ছিলেন।
তাদের তিন দফা দাবি হল- যৌক্তিকভাবে কোটা পদ্ধতি সংস্কার করে প্রজ্ঞাপন জারি, শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থীদের আন্দোলনে ‘হামলাকারীদের’ উপযুক্ত বিচার করা।
বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে জোরাল আন্দোলন গড়ে তোলে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’, যা ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে।
আন্দোলনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ এপ্রিল সংসদে বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতিই আর রাখা হবে না। তবে পরে সংসদে তিনি বলেন, কোটা পদ্ধতি থাকবে। মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ রাখতে হাই কোর্টের রায় আছে।
এদিকে নতুন করে আন্দোলন দানা বাঁধার প্রেক্ষাপটে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা করতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গত ২ জুন একটি কমিটি করে সরকার।
কমিটির নেতৃত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গত ১৩ অগাস্ট সাংবাদিকদের বলেন, তারা সরকারি চাকরির কোটা ‘যতটা সম্ভব’ তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করবেন। আর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটার বিষয়ে যেহেতু আদালতের রায় আছে, সেহেতু এ বিষয়ে সুপ্রিম কোর্টের ‘মতামত’ নেওয়া হবে।
ওই প্রক্রিয়া শেষ হওয়ার আগেই গত ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন-পিএসসি। সেখানে আগের মতই সব ধরনের, অর্থাৎ ৫৬ শতাংশ কোটা বহাল রাখার কথা বলা হয়।
