২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউল্যাবে একুশের শহীদদের স্মরণ

আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 02:31 AM

Updated : 11 Oct 2022, 12:08 PM

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে সোমবার বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ছিল এসব আয়োজন।

ইউল্যাব সংস্কৃতি সংসদের ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানের পরিবেশনায় অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর স্বাগত বক্তব্য দেন ভাষাসংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলাম। শুধু ভাষার মাসে নয়, সারা বছর ভাষাকে লালন করার আহ্বান জানান ইউল্যাবের এই ইমেরিটাস অধ্যাপক।

তিনি বলেন, “ভাষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। দুঃখের বিষয় এই যে, আগে যে মানের সাহিত্যিকগণ যেমন- হুমায়ূন আজাদ, প্রমথ চৌধুরী, শামসুর রাহমান, হুমায়ূন আহমেদ ছিলেন, আজ স্বাধীনতার পাঁচ দশক পরেও সেই ধরনের কারও আগমন ঘটেনি।

“এখনও আমরা ভাষার প্রমিত রূপ সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। কাজেই আমরা ভাষার সৌন্দর্যবর্ধনে আরও সচেতন হব এবং শুধু ভাষার মাসে নয়, আমরা আমাদের মাতৃভাষাকে লালন করব সারা বছর জুড়ে।”

আলোচনা অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও প্রবন্ধ পাঠ করেন ইউল্যাবের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সবশেষে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর নির্মিত ভিডিও প্রদর্শন করা হয়।

এর আগে সকালে ইউল্যাব গ্রন্থাগার আয়োজিত গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ইউল্যাব কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য।

প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে অধিকাংশই ছিল ভাষা আন্দোলনের সময়ে অধ্যাপক রফিকুল ইসলামের তোলা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউল্যাবের রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদ উপস্থিত ছিলেন।