ঢাবির ২ শিক্ষার্থীকে মিসবাহউদ্দিন খান মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি
স্নাতকোত্তর পরীক্ষায় ভাল ফল অর্জন করায় মিসবাহউদ্দিন খান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থী ।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এ ট্রাস্ট ফান্ডের অধীনে তাসনীম আলমকে ‘মিসবাহউদ্দিন খান বৃত্তি’ ও মুনিরা মাসরুরাকে ‘জাহানারা খান বৃত্তি’ প্রদান করা হয়।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, তেমনি বিশ্ববিদ্যালয়ের ঋণও শোধ করা যায় না। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।”
তিনি বলেন, “মিসবাহউদ্দিনের মতো ইতিহাসবিদ, সমাজসেবী... এ ধরনের মহান ব্যক্তিদের অবদানের জন্য সমাজ এগিয়েছে, মানবসভ্যতা এগিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে সেজন্য অনেকের অবদান রয়েছে। সকলের অবদানকে স্মরণ করতে হবে।”
মেধাবী তরুণ প্রজন্মকে দায়িত্ব নিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান উপাচার্য।
মিসবাহউদ্দিন খানের অনুজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন, “ইতিহাসকে সঠিকভাবে জেনে ভবিষ্যতে আমরা যাতে ইপ্সিত প্রয়োজন মেটাতে পারি সেজন্য অঙ্গীকারাবদ্ধ। ইতিহাস মানুষের জীবন পরিচালনায় বিভিন্নভাবে প্রভাবিত করে।”
মিসবাহউদ্দিন খানের অবদানের কথা স্মরণ করেন তার আরেক অনুজ সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
ট্রাস্ট ফান্ডের সভাপতি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন, মিসবাহউদ্দিন খানের ছেলে অধ্যাপক মুনতাসীর উদ্দিন খান মামুন।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিহাস বিভাগের চেয়ারপারসন অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামুজ্জামান।
