ঢাবি জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ডে এগিয়ে মেয়েরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের আট বিভাগের স্নাতক (সম্মান) পরীক্ষায় ‘কৃতিত্বপূর্ণ ফলের’ জন্য ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যাতে ছাত্রদের চেয়ে ছাত্রীরা সংখ্যায় এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে জীববিজ্ঞান অনুষদের ‘ডিন অ্যাওয়ার্ড ২০১৫’ দেওয়া হয়।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনুষদের ১০টি বিভাগের মধ্যে আট বিভাগের ৬৬ জন ছাত্রছাত্রী পেয়েছেন এই ডিনস অ্যাওয়ার্ড, যার মধ্যে ছাত্রের সংখ্যা ২১ জন হলেও ছাত্রী রয়েছেন ৪৫ জন।
আট বিভাগের মধ্যে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিজ্ঞান বিভাগ, প্রাণ রাসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ, অণুজীব বিজ্ঞান ও মনোবিজ্ঞান বিভাগে ছাত্রীরা প্রথম আর জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ এবং মৎস্যবিজ্ঞান বিভাগে ছাত্ররা প্রথম হয়েছে।
প্রাণিবিজ্ঞান বিভাগে অ্যাওয়ার্ড পাওয়া ১৭ জনের মধ্যে ১৫ জন ছাত্রী, অণুজীব বিজ্ঞান বিভাগে ২২ জনের ১৫ জন, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে তিনজনের মধ্যে দুইজন, উদ্ভিদবিজ্ঞান বিভাগে নয়জনের মধ্যে পাঁচজন, প্রাণ রাসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগে সাতজনের মধ্যে চারজন, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে চারজনের মধ্যে একজন, মৎস্যবিজ্ঞান বিভাগের তিনজনের একজন এবং মনোবিজ্ঞান একজনে একজনই ছাত্রী।
ডিন অ্যাওয়ার্ড পাওয়া ছাত্রী শাহনাজ সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাওয়ার্ড পেয়ে অনেক খুশি লাগছে। বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা জানাই, তারা বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন। বাবা-মা সব সময় আমার পাশে ছিলেন।”
মেয়েরা এগিয়ে থাকার কারণ হিসেবে এই শিক্ষার্থী বলেন, “জীব বিজ্ঞানে সব বিষয়গুলোর যে লেখাপড়া সেগুলো মুখস্ত রাখতে হয়, এবং বার বার পড়তে হয়। ছেলেরা হয়তো এতো সময় পায় না, মেয়েরা সারাদিন বাসায় বসে পড়ে।”
ছাত্রীদের লেখাপড়ায় এগিয়ে থাকাকে ইতিবাচক মনে করছেন অণুপ্রাণবিজ্ঞানের অ্যাওয়ার্ড পাওয়া ছাত্র এএস রুবায়েত-উল-আলম।
তিনি বলেন, “পুরস্কার পাওয়াতে আমি খুশি। ছাত্রীরা এগিয়েছে এটা সমাজের জন্য ইতিবাচক। আগে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো না; এখন তারা ভালো ফল করে আমাদের চেয়ে এগিয়ে আছে, উন্নতি করছে- এটা আমার কাছে ভালো লাগছে। তবে ছেলেরা কিন্তু পিছিয়ে নেই। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে, বুয়েটে এবং ল্যাবগুলোতে ছেলেরা পিছিয়ে নেই। সেখানে মেয়েদের সংখ্যা কম।”
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক কৃতি শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানের বক্তৃতায় উপাচার্য শিক্ষার্থীদের প্রতি পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে ওঠতে আত্মশুদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষ চায় তোমরা ভালো বিজ্ঞানী হও। যদি তা হতে না পারো তবে ভালো সুশিক্ষিত মানুষ হও, দেশের সেবার নিজেদেকে নিয়োজিত করো।”
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন।
অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন। মনোবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাসরীন ওয়াদুদ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা দেন।
