২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ হলের কক্ষে ছাত্রের লাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এক ছাত্রকে অচেতন অবস্থায় পাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2017, 12:18 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

অপু সরকার নামের ওই শিক্ষার্থী হিসবাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাচ্চু বলেন, “তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।”

অপু থাকতেন অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে। রুমমেটরাই তাকে হাসপাতালে নিয়ে আসেন বলে এসআই বাচ্চু জানান। তবে অপুর মৃত‌্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

জগন্নাথ হলে প্রাধ্যাক্ষ অধ্যাপক অসীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুমের ছাত্রদের কাছে শুনেছি, সকালে তারা ঘুম থেকে উঠে ডাকাডাকি করে অপুর সাড়া না পেয়ে গায়ে হাত দিয়ে দেখে তার শরীর ঠাণ্ডা হয়ে আছে। তারাই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।”

অপু অসুস্থ ছিলেন কি না, বা কী কারণে তার মৃত‌্যু হয়ে থাকতে পারে- সে বিষয়ে প্রাধ্যক্ষও কোনো তথ‌্য দিতে পারেননি।