জগন্নাথ ছাত্রীকে মারধরের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এক ছাত্রীকে তারই এক সহপাঠী মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মারধরের অভিযোগের মুখে থাকা শিক্ষার্থী রায়হান কবির ইতিহাস বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী।
ওই ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ।
বুধবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে মারধরের এ ঘটনা ঘটে বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।
তারা বলছেন, এ সময় ঘটনাস্থলে থাকা ইংরেজি বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর রওশন আলম বাঁধা দিতে তাকেও লাঞ্ছিত করে রায়হান।
রওশন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রীকে রায়হান মারধর করছিল। আমি তাকে বাঁধা দিতে গিয়ে নিজেও লাঞ্ছিত হয়েছি।”
মারধরে আহত ওই ছাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ভাষা শহীদ রফিক ভবনের সামনে এসে রায়হান আচমকা তাকে মারধর শুরু করে।
ফেইসবুক ও মোবাইল ফোনে দীর্ঘদিন ধরে বিরক্ত করায় রায়হানের বিরুদ্ধে থানায় জিডি করার কারণেই এ মারধরের ঘটনা বলে অভিযোগ ইতিহাসের এই ছাত্রীর।
তিনি বলেন, “রায়হান ও আমি একই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে রায়হান আমাকে নিয়মিত ফেইসবুকে ও মোবাইলে বিরক্ত করে আসছে।
“তার উত্ত্যক্ত করা ও হুমকি-ধামকির ফোন রেকর্ডিংও আছে আমার কাছে। নিজের নিরাপত্তার জন্য আমি এর আগে এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় জিডিও করেছিলাম।”
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে আলাদাভাবে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী ও সাংবাদিক রওশন।
পাশাপাশি সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমাতির পক্ষেও অভিযোগ প্রদান করা হয়েছে।
তবে এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে রায়হান কবিরের মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণও শুরু করেছি।”
