২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ সত্যের বরখেলাপ: ঢাবি উপাচার্য

স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ‘প্রকৃত সত্য উঠে আসেনি’ বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 01:18 AM

Updated : 20 Aug 2022, 02:11 PM

সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে থেকে স্নাতকোত্তর ছাড়া শুধু স্নাতক সম্পন্ন করা তিনজনকে অস্থায়ী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার কথা স্বীকার করে তা যথাযথ নিয়মের মধ্যে করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করতে উপাচার্য কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে শিক্ষক নিয়োগের বিষয়ে ‘সত্যের বরখেলাপ’ গণমাধ্যমের মাধ্যমে ‘সুচারুভাবে বিভ্রান্তি’ ছড়ানো হয়েছে দাবি করে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলছেন, ‘একটি মহল’ বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি নষ্ট করতে একাজ করেছে।

“ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক নিয়োগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে প্রকৃত সত্য উঠে আসেনি। একপাক্ষিক ভাবে এইসব প্রতিবেদন করা হয়েছে। একটি মহল অনেক গণমাধ্যমে এই প্লান্টেড নিউজটি সরবরাহ করেছে।”

শূন্যপদের বিপরীতে ওই বিভাগে ‘সিএনডি কমিটির’ সুপারিশের ভিত্তিতে নয়জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় জানিয়ে উপাচার্য বলেন, “এর মধ্যে বুয়েট থেকে স্নাতক শেষ করা তিনজন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। স্নাতোকোত্তর শেষ করার পর যাদের চাকুরী স্থায়ী করা হবে বলে নিয়োগের শর্তে উল্লেখ আছে।”

এর কারণ হিসেবে উপাচার্য বলেন, “পাকিস্তান আমল থেকেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোর্সে এনাটমি, ফিজিওলজি পড়ানোর জন্য শুধুমাত্র এমবিবিএস পাস করাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হত। তারা শিক্ষক হিসেবে নিয়োগের পরই উচ্চতর ডিগ্রী নিত। অনেকে শুধুমাত্র এমবিবিএস পাস করে শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে অবসরেও গিয়েছেন।

“কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগও তেমনি একটি বিভাগ, যেখানে প্রকৃত ইঞ্জিনিয়ার দরকার। তাই বিভাগের সুপারিশের ভিত্তিতে শূন্যপদের বিপরীতে তিনবার চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়।”

কিন্তু সেসব বিজ্ঞাপনের বিপরীতে যে প্রার্থীরা আবেদন করেছিলেন তারা ‘ততটা যোগ্য ছিলেন না’ মন্তব্য করে চতুর্থদফায় বিজ্ঞাপনের পর নিয়োগ বোর্ড ২৩ প্রার্থীর সাক্ষাৎকার নেয় বলে জানান অধ্যাপক আরেফিন।

তিনি বলেন, “এর মধ্যে পাঁচজন ছিল বুয়েটের। ভাইভা, ফলাফল সবদিক বিবেচনা করে নিয়োগ বোর্ড সর্বসম্মতিক্রমে নয়জনকে নিয়োগের সুপারিশ করে।”

বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন, উপাচার্য (শিক্ষা) ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা ওই বোর্ডের সদস্য ছিলেন জানিয়ে আরেফিন সিদ্দিক বলেন. নিয়োগের সময় কিন্তু কেউ কোনো ‘নোট অব ডিসেন্ট’ দেয়নি। কিন্তু এখন গণমাধ্যমে তাদের বিভিন্ন আপত্তিজনক বক্তব্য দেখা যাচ্ছে।

উপাচার্য বলেন, ‍“বুয়েটের ছাত্ররা গ্রাজুয়েশনের পরই বিভিন্ন জায়গায় শিক্ষকতায় ঢুকে যায়। আর যারা যায় না, তারাই পরে পোস্টগ্রাজুয়েশন করে থাকে। যেহেতু শিক্ষক হিসেবে ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিশেষজ্ঞ দরকার তাই কেমিকৌশল বিভাগের চাহিদাপূরণে ওই তিনপ্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।”

বুয়েট, চুয়েট, কুয়েটসহ সব জায়গায় স্নাতক শেষেই শিক্ষক হিসেবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিপ্রাপ্তদের নিয়োগ দেওয়া হয় বলে জানান তিনি।

অধ্যাপক আরেফিন বলেন, “ওই বিভাগের নিয়োগ নিয়ে বিভিন্ন মিথ্যাচার এখন করা হচ্ছে। বিভাগের চেয়ারম্যানের বিভিন্ন বক্তব্য আমরা গণমাধ্যমে দেখছি। যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“বিভাগগুলো এখন কাদের হাতে পারিচালিত হচ্ছে সেটা ভেবে দেখার সময় এসেছে। যারা বিশ্ববিদ্যালেয় শিক্ষাকার্যক্রমকে সংকুচিত করতে চায় তাদের চিহ্নিত করতে হবে।”

উপাচার্য এসময় সাংবাদিকদের সামনে বিভাগের সিএনডি কমিটির সভার অনুলিপি ও বিভিন্নপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামছুদ্দিনের পাঠানো আবেদনপত্রের অনুলিপি তুলে ধরেন।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত সিএনডি কমিটির সভায় ‘অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি’ বিভাগের নাম পরিবর্তন করে ‘অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ করার সিদ্ধান্ত হয়।

নতুন নামে বিভাগের প্রদত্ত ডিগ্রির এক্রিডিটেশন পাওয়ার জন্য সিলেবাস পরিবর্তন করে বিভিন্ন বর্ষে ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’য়ের নতুন কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে জানানো হয়।

ডিগ্রির এক্রিডিটেশন পাওয়ার জন্য একইসঙ্গে বিভাগের মোট শিক্ষকের মধ্যে অন্তত ৩৩ শতাংশ ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রিধারী হওয়া প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ৬ শতাংশ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী রয়েছে জানিয়ে সিএনডি কমিটির পক্ষ থেকে একটি সুপারিশ নামা পাঠানো হয়।

এতে বলা হয়, “সিএনডি কমিটি মনে করে শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে চলমান রাখা এবং এক্রিডিটেশন পাওয়ার জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের প্রাধান্য দেওয়া হোক। এক্ষেত্রে এমএসসি ডিগ্রিধারী প্রার্থী না পাওয়া গেলে শর্তাবলী আরোপ করে বা শর্তাবলী শিথিল করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হোক।”

সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ মীজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।