মন্ত্রী ছায়েদুলকে অপসারণের দাবি ছাত্র ইউনিয়নের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে অপসারণের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে এই দাবি জানান ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
সারাদেশে অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসের নামে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশ শেষ টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয়।
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সাংসদ প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হককে অপসারণের দাবি জানিয়ে লাকী আক্তার বলেন, বিভিন্ন সময়ে যেসকল সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কোনো বিচার হয়নি। এর ফলে উগ্রগোষ্ঠী সংখ্যালঘু নির্যাতন থেকে বিরত থাকার পরিবর্তে এ কাজে আরও বেশি উৎসাহিত হচ্ছে।
ফাইল ছবি
“এসকল ঘটনায় দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের বক্তব্যে আমরা মর্মাহত। আশা করছি এসকল ঘটনার সুষ্ঠু বিচার হবে। আর যদি তা না হয় তাহলে ছাত্র ইউনিয়ন সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”
মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান লাকী আক্তার।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে দেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ ও সহ সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী। সাম্প্রদায়িকতা বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান তারা।
