ল্যাপটপ পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী
তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২ শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপাচার্য দপ্তর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস, তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই ল্যাপটপ দেওয়া হচ্ছে।
তিনি জঙ্গিবাদমুক্ত প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
“মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন তথা সাধারণ মানুষের কল্যাণে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। দেশে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে।”
“তথ্যপ্রযুক্তি কখনও যেন দেশের স্বার্থের বিরুদ্ধে ব্যবহৃত না হয়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান, বিভাগের শিক্ষক শেখ আবদুস সালাম, আখতার সুলতানা, সামিয়া রহমান, সাবরিনা সুলতানা চৌধুরী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আলম মো. শহীদ খান।
পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্থাপিত ‘এনিমেশন ল্যাব’ উদ্বোধন করেন।
