আইইউবিতে অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবট ‘নাও’
ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশের (আইইউবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে ‘নাও’ প্ল্যাটফর্ম ব্যবহার করে রোবট বিষয়ক গবেষণা করছে।
শনিবার প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের পরিচালক খন্দকার আমিনুল হক পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মানুষ ও রোবটের পারস্পরিক যোগাযোগ ও সম্পৃক্ততার উন্নয়নে তারা কাজ করে যাচ্ছে বলেও সেখানে জানানো হয়।
এতে বলা হয়, ‘নাও’ ফ্রান্সের আলদেবারান রোবোটিক্সের তৈরি প্রোগ্রাম উপযোগী অ্যান্ড্রো হিউম্যানয়েড রোবট, যা আইইউবি গত বছর প্রথম বাংলাদেশে নিয়ে আসে।
প্রাথমিক পর্যায়ে ২০০৮ সালে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ব্যবহারের জন্য এই রোবটের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হলেও মূলত ২০১১ সালে রোবটটি সবার নাগালের মধ্যে আসে।
বর্তমানে এই রোবটটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণায় ব্যবহার হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাও’ রোবট সংগ্রহের মাধ্যমে আইইউবি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ধারাবাহিকভাবে গবেষণায় এগিয়ে যাচ্ছে।
