২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি পরীক্ষায় ‌‘দায়িত্বে অবহেলা’: জগন্নাথের শিক্ষক-কর্মচারী বরখাস্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ‘দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী’ কাজের অভিযোগে এক শিক্ষক ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 07:17 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান এবং একই বিভাগের কর্মচারী এমদাদুল হক।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদেরকে বরখাস্তের কথা জানিয়ে বলা হয়, গত শুক্রবার অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও নৈতিকতা বিরোধী কাজের অভিযোগের প্রেক্ষাপটে ব্যবস্থাপনা অধ্যয়নের শিক্ষক বদরুল হাসান ও কর্মচারী এমদাদুল হককে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া অভিযোগ তদন্তের জন্য আইন অনুষদের ডিন অধ্যাপক আলী আককাসকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক হেলেনা ফেরদৌসী এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরে আলম আবদুল্লাহ।

কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শিক্ষক বদরুল হাসানকে বরখাস্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার অতিরিক্ত কিছু কাজ তিনি করেছেন।

“যে জিনিস যেখানে রাখার না, তা তিনি সেখানে রেখেছেন। এ রকম কিছু অভিযোগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের প্রভাষক দেওয়ান বদরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দায়িত্ব ঠিকভাবে পালন না করার অভিযোগে আমাকে বরখাস্ত করা হয়েছে। তবে আমি দুই সপ্তাহ সময় পেয়েছি। এ দুই সপ্তাহে আমি নিজেকে প্রমাণ করব যে, আমি কোনো অনৈতিক কাজে যুক্ত ছিলাম না।”

গত শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‌‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৯০টি আসনের (মানবিক- ৩৬০, বিজ্ঞান-১৪৪, বানিজ্য ও অন্যান্য-৮৬) বিপরীতে পরীক্ষায় অংশ নিতে ৪৮ হাজার ১২ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন।