২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2016, 07:41 PM

Updated : 20 Aug 2022, 01:43 PM

ক্যাম্পাস ও বাইরে ১৫টি কেন্দ্রে শুক্রবার বিকাল ৩টা থেকে একঘণ্টা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম পরীক্ষা হয়।

এবার ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২২৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে মানবিকে ৪১৪, বিজ্ঞানে ১৫১ এবং বাণিজ্য ও অন্যান্য বিভাগের জন্য ১০৫টি আসন বরাদ্দ রয়েছে।

পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইলসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেককেই ঘড়ি নিয়ে ঢুকতে দেখা যায়। ক্যাম্পাসের ভেতরে নজরদারিতে কড়াকড়ি থাকলেও বাইরের ছিল বেশ ঢিলেঢালা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কেন্দ্রেই অনিয়মের কোনো ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।”

উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, “এবার আমরা ডাবল লেয়ারিং বার কোডিং সিস্টেমে পরীক্ষা নিয়েছি।এখানে কোনো জালিয়াতির সম্ভাবনা নেই।”

শনিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।এবার এই ইউনিটে অধীনে সঙ্গীত, চারুকলা ও নাট্যকলা বিভাগের ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই হাজার ২৭টি অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে একলাখ ৭৮ হাজার ৩৫০ জন আবেদন করেছেন।