‘খ’ ইউনিটের পরীক্ষায় ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরের ‘ভর্তিযুদ্ধ’।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৪ হাজার ৬১৬ জন ভর্তিচ্ছু শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
তাদের মধ্যে ২ হাজার ২৪১ জন শিক্ষার্থী শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
অর্থাৎ এবার ‘খ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরীক্ষার্থী সংখ্যা ১৬ জন।
এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ; আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগ, জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, সমাজকল্যাণ বিভাগ; গবেষণা ইনস্টিটিউটের সমাজকল্যাণ বিভাগ; শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা (বিএড সম্মান); আধুনিক ভাষা ইনস্টিটিউটের ইংরেজিসহ বিভিন্ন বিদেশি ভাষায় সম্মান কোর্স; স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের স্বাস্থ্য অর্থনীতি এবং ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজ বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হচ্ছে এবার।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরের পাঁচটি কেন্দ্র হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায়- এমন সব ধরনের ইলেক্ট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। অসুদাপায় অবলম্বন ঠেকাতে পরীক্ষার সময় ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে।
শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষার সিট-প্ল্যানসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে।
