মানুষ মেরে বেহেশতে যাওয়ার কোনো পথ নেই: নাহিদ
বেহেশতের কথা বলে জঙ্গিরা শিক্ষার্থীদের বিপথগামী করছে উল্লেখ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার কোনো পথ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নাহিদ বলেন, “জঙ্গিরা শিক্ষার্থীদেরকে ফুসলিয়ে বিভ্রান্ত করেছে, তাদের মন-মানসিকতা পরিবর্তন করে দিচ্ছে, বিপথগামী করছে, বোমা মারাচ্ছে।
“শিক্ষার্থীদের মগজ ধোলাই দিচ্ছে- ‘তুমি মরলেই বেহেশতে চলে যাবে, বেহেশতে গেলে পৃথিবীতে যা তুমি পাও নাই, সেখানে সব পাবে, যাওয়ার সাথে সাথে বেহেশতে হুরপরি পাবে।
শান্তির ধর্ম ইসলামে মানুষ হত্যার কোনো বিধান নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “তারা বোমা মেরে মানুষ হত্যা করছে, মানুষ মেরে বেহেশতে যাওয়া কোনো পথ নাই।”
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষকরা আদর স্নেহ দিয়ে শিক্ষার্থীদের পড়াবেন, যাতে কেউ জঙ্গিবাদের কথা বললে তারা আপনাদের কাছে এসে বলতে পারে এবং সাথে সাথে পুলিশকে সহায়তা করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ।
