ঢাবিতে একবিংশ শতকে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ক বক্তৃতা
বিশ্বমানের মানসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক গবেষণা ও মৌলিক কোর্স চালু করা উচিত বলেন মনে করেন যুক্তরাজ্যের ডারবি বিশ্ববিদ্যালয়ের সাবেক আচার্য ক্রিস্টোফার জন এলিংগার বল।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উচ্চ শিক্ষা বিষয়ক এক বক্তৃতায় তিনি বলেন, “একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির জন্য উচ্চমানসম্পন্ন উচ্চশিক্ষা জরুরি।
“এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক ও স্ট্রাটেজিক গবেষণা কর্মকাণ্ডের উপর অগ্রাধিকার দেওয়া উচিৎ।”
একই সঙ্গে জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক কোর্স চালু কথা বলে এলিংগার বল বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর প্রশিক্ষিত এবং দক্ষ গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে উচ্চশিক্ষা পর্যায়ে গুণগত মানসম্পন্ন শিখন, পঠন-পাঠনে অগ্রাধিকার দেওয়া উচিত।
“প্রত্যেক বিশ্ববিদ্যায়ের স্বল্প মূল্যে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করা উচিৎ। বিশ্ববিদ্যালয়গুলোতে জাতি, ধর্ম, বর্ণ ও জেন্ডার নির্বিশেষে সকলের সমঅধিকার থাকা প্রয়োজন।”
‘হোয়াট আর ইউনির্ভাসিটিজ ফর- ইন দ্যা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শিরোনামে এই বিশেষ বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
গওহর রিজভী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারিকুলামকে যুগোপযোগী করতে হবে।
তিনি ইউজিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে এ ধরনের সময়োপযোগী সেমিনার আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।
স্বাগত্য ব্ক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, “সাধারণ মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়াতে তৎকালীন অবিভক্ত ভারতবর্ষে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
“মানব সভ্যতার উন্নয়নের লক্ষ্যে জ্ঞানের আলোকবর্তিকা হিসাবে তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত বিভিন্ন প্রজন্মের গবেষকগণ ইতোমধ্যেই দেশ-বিদেশে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে।”
সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, “আমরা যদি দেশের প্রচুর যুবশক্তিকে আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে পারি তাহলে আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হব।
“সংখ্যাগত বিচারে উচ্চশিক্ষায় বাংলাদেশে এখন ৩০ লক্ষের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এখন আমাদের প্রয়োজন গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করা।”
এ লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম ছাড়াও ইউজিসি’র সাবেক সদস্যবৃন্দ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, জ্যেষ্ঠ অধ্যাপকসহ এবং ইউজিসি ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
