হলের দাবিতে ধর্মঘট: অচল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
নতুন ছাত্রাবাস নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা ধর্মঘটে কার্যত স্থবির হয়ে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সামনের সড়কে অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী।
বৃষ্টি উপেক্ষা করে তারা বাহাদুর শাহ পার্ক ও আদালত পাড়ার রাস্তা দখল করে বিক্ষোভ করছেন।
এতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরান ঢাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
আন্দোলনের সংগঠক মনিরুল ইসলাম রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল পৌনে ৮টায় আমরা ফটকে তালা ঝুলিয়ে দেই। পরে কেউ আর ভেতরে প্রবেশ করেনি। ভার্সিটির বাস থেকে নেমে সবাই আন্দোলনে অংশ নিয়েছে।
৯৫ ভাগ শিক্ষার্থী ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন বলে দাবি করেন তিনি।
সকালে ক্যাম্পাস ঘুরে প্রায় শিক্ষার্থীশূন্য দেখা যায়, কোনো বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক, ক্লাস-পরীক্ষাও চলুক। কিন্তু তারা তো তা মানছে না।”
হল নির্মাণের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০০৫ সালে অনাবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানের ১১টি হল প্রভাবশালীদের দখলে ছিল।
২০০৯ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনে সরকারের উচ্চ মহলের টনক নড়ে। ওই সময় একাধিক হল বিশ্ববিদ্যালয়কে দিতে ভূমি মন্ত্রণালয়ের সুপারিশ থাকলেও তা কার্যকর করেনি ঢাকা জেলা প্রশাসন।
পরে ২০১১ ও ২০১৪ সালে জোরালো আন্দোলনে দুটি হল পুনরুদ্ধার হলেও তা ব্যবহার উপযোগী করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরেকটি হল আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের দখলে থাকলে তা নিয়ে নেই কোন পরিকল্পনা; নতুন দুটি হল নির্মাণের উদ্যোগেও রয়েছে দীর্ঘসূত্রিতার অভিযোগ।
১৯৮৫ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জগন্নাথের ৮টি হল বন্ধ হয়ে যায়।
আর গত ২ আগস্ট থেকে সেই মন্ত্রণালয়ের অধীনস্ত পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। জমিটি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল।
এবারে আন্দোলনের প্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।
