২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার মরণোত্তর বিচার দাবি ছাত্রলীগের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 01:29 AM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে একটি কালো পতাকার বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সমাবেশ শেষ হয়।

ছাত্রলীগ ব্যানারে ‘বিএনপি-জামায়াত জোট সরকারের নির্দেশে’ ২০০৫ সালের ১৭ অগাস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ওই মিছিল সমাবেশের আয়োজন করে।

সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, “একাত্তরের এই দোসররা অগাস্ট মাসই ঘিরে নানা ষড়যন্ত্র করে। এই অগাস্ট মাসে জাতির পিতাকে হত্যা করা হয়েছে।

“এর পেছনে মেজর জিয়াসহ যারা ছিলেন… জিয়ার মরনোত্তর বিচারসহ এই ঘটনার পেছন জড়িত সবার বিচার করতে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।”

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ আরও অনেকে।