২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিইউতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2016, 02:34 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বৃহস্পতিবার সকালে প্রবর্তক মোড়ে বিশ্ববিত্যালয়ের বর্ধিত একাডেমিক ভবনে ‘স্কিল সেট ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যারিয়ার অপরচুনিটি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাব।

এতে ইডিইউর শিক্ষার্থীদের পাশাপাশি নগরীর অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন।

কর্মশালায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অনলাইনভিত্তিক ক্যারিয়ার সেবাদাতা বেসরকারি প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ এর প্রতিষ্ঠাতা আইমান সাদিক।

আইমান বলেন, ঘরে বসেই শিক্ষার্থীরা আমাদের অনলাইন ঠিকানায় জানাতে পারেন তারা কোন ধরনের চাকরিতে আগ্রহী।

“শিক্ষার্থীদের আমরা জানিয়ে দেব এজন্য কি ধরনের পরীক্ষা হয়, প্রস্তুতি কিভাবে নিতে হবে। চাকরি সংক্রান্ত বা প্রস্তুতি বিষয়ে কোনো প্রশ্নের উত্তর তাৎক্ষণিক জানিয়ে দেবে আমাদের অনলাইন টিম।”

তিনি বলেন, আমরা চাইছি তরুণদের যোগ্য হিসেবে গড়ে তুলতে। চাকরি নিয়ে এখনকার শিক্ষার্থীরা অনেক চিন্তিত। তবে কি করতে হবে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা তারা বুঝতে পারে না। এসব সমস্যার সমাধান আমরা দিতে চাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, ঘরে বসেই অনলাইনে ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জবাব পাওয়ার বিষয়টি চমৎকার।

“এ ধরনের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংশয় দূর করে সামনে এগিয়ে যাবে।”

কর্মশালায় জানানো হয় অনলাইন ভিত্তিক ‘টেন মিনিট স্কুল’ এর পৃষ্ঠপোষক মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি।

আনহার মাহমুদ আশফাকের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন ইডিইউ সোশ্যাল সার্ভিস ক্লাবের উপদেষ্টা প্রমিলা হক।

কর্মশালয় বক্তব্য রাখেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, রবি অজিয়াটা লিমিটেডের এরিয়া ম্যানেজার একেএম সায়েম, ক্লাব কো-অর্ডিনেটর হাসিন ইসরাক।

উপস্থিত ছিলেন ইডিইউর কোষাধ্যক্ষ শামস উদ দোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া।