ডিনস অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ১২ শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত পাঁচ বিভাগের ১২ জন শিক্ষার্থী ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় পেয়েছেন ‘ডিনস অ্যাওয়ার্ড’।
বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাব্বির আখন্দ, নওয়াজ রব্বানী চৌধুরী, জান্নাতুল মাওয়া; ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সৈকত চন্দ্র দে, মমিনুর রহমান, আনোয়ারুজ্জামান, লওশান হাবিব এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আহসানুজ্জামান, মফিজুল ইসলাম, হৃদি হোসেন, সঞ্জয় সাহা ও মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য আরেফিন সিদ্দিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষা একটি দেশের ভিত্তি তৈরি করে। শিক্ষাই সকল সংকটের অবসান ঘটায়। দেশের প্রতিরক্ষা, চিকিৎসা, শিল্প-কারখানা সকল ক্ষেত্রে অগ্রগতির মুখ্য ভূমিকা রাখে শিক্ষা।”
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া বক্তব্য দেন।
শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশেনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
