২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তি বাণিজ্যের অভিযোগে জগন্নাথের ২ ছাত্র পুলিশে

‘ভর্তি বাণিজ্যের পুরনো পাওনা আদায়ে’ এক ছাত্রকে মারধর করে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আহসানুল হাবিব ও  মাইক্রোবায়োলজি বিভাগের আশরাফুল কবির।

সোমবার সকাল ১০টায় অর্থনীতি বিভাগের এক ছাত্রকে মারধরের পর জিজ্ঞাসাবাদে ভর্তি বাণিজ্যের বিষয়টি বের হয়ে এলে দুপুরে তাদের কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে অর্থনীতি বিভাগের ১১ তম ব্যাচের মাহফুজুর রহমানকে ক্যাম্পাসে মারধর করে আহসান ও আশরাফুল।

“পরে তাদেরকে প্রক্টর কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত ঘটনা বের হয়ে আসে।”

দুইপক্ষের বক্তব্য অনুযায়ী, মাহফুজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিতে আহসান ও আশরাফুল ৩০ হাজার টাকা নেয়। কিন্তু ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে ৮৫ তম স্থান পেয়ে যাওয়ায় মাহফুজ পরে আর চুক্তির বাকি টাকা তাদের দেননি। সে টাকা উদ্ধার করতেই সোমবার তাকে মারধর করা হয়।

আহসান ও আশরাফুল রাতে ক্যাম্পাসে মাদক সেবন ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত জানিয়ে সহকারী প্রক্টর মোস্তফা কামাল বলেন, “মারামারির বিচার করতে গিয়ে তাদের ভর্তি বাণিজ্যের তথ্য বেরিয়ে আসে। সে কারণে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।”

এদিকে মারামারির ঘটনার পর মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শির্ক্ষাথী ইমরান আহমেদ সাগরের নামেও ভর্তি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে তা প্রমাণিত না হওয়ায় তাকে মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।