ঢাবিতে ‘রাবেয়া খাতুন স্মারক এবং হাসনা বেগম বৃত্তি তহবিল’ গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসচ্ছল ছাত্রীদের সহায়তার জন্য ‘রাবেয়া খাতুন স্মারক এবং হাসনা বেগম বৃত্তি তহবিল’ গঠন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এই বৃত্তির তহবিল গঠনের লক্ষ্যে দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক ‘রোকেয়া চেয়ার’ ড. হাসনা বেগম ১০ লাখ টাকার একটি চেক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করেছেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট অথবা আইন বিভাগের দুইজন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রীকে ‘রাবেয়া খাতুন স্মারক এবং হাসনা বেগম ট্রাস্ট’ বৃত্তি প্রদান করা হবে।
এছাড়া ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এবং ভাস্কর্য বিভাগের দুইজন অসচ্ছল ছাত্রীকে এই ট্রাস্ট থেকে বৃত্তি দেওয়া হবে বলেও জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং অর্থদাতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চেক গ্রহণ করে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ দেন।
দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে অধ্যাপক হাসনা বেগমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য বলেন, তার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে ওঠতে হবে।
অধ্যাপক হাসনা বেগম দেশের বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে পরিচিত। তার মা প্রয়াত রাবেয়া খাতুনও বিদ্যোৎসাহিনী ছিলেন।
