কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ স্মরণে ঢাবিতে দিনব্যাপী মেলা
কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় দিনব্যাপী রুদ্র মেলা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চারুকলার বকুলতলায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা পর্ব শেষে রুদ্র মেলা উদ্বোধনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সাংবাদিক আবেদ খান।
সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংগীত পরিবেশনসহ নানা আয়োজনে চলে এই মেলা।
উদ্বোধনীতে রুদ্র সংসদের সহ-সভাপতি কবি নিশাদ খানের সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বক্তব্য রাখেন।
গোলাম কুদ্দুস বলেন, “রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সমাজতন্ত্রে বিশ্বাস করতেন। তার কবিতা সংগ্রামের কথা বলে। মুক্তিযুদ্ধের কথা বলে। তার লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বংলাদেশ গড়া।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনে কবি রুদ্র মুহাম্মদ অন্যতম সংগঠক ছিলেন জানিয়ে জোটের বর্তমান সভাপতি বলেন, “স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার বিরাট ভূমিকা ছিল।তার ভাবনা ছিল মানুষ, দেশ ও প্রেম। তাকে বুঝতে হলে এর একটাকে বাদ দিয়ে আরেকটাকে আলাদা করা যাবে না।”
“বর্তমানতারুণ্যের মধ্যে রুদ্রের উপস্থিতি বিদ্যমান। নতুন প্রজন্ম রুদ্রের মতো প্রত্যাখ্যান করা শিখছে।”
মেলার ভেতর দিয়ে নতুন প্রজন্ম রুদ্র মুহাম্মদকে চেনার সুযোগ পাচ্ছে মন্তব্য করে তাকে নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।
উদ্বোধনীতে আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, কবি শেকর বরণ, ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক ইসতেকবাল হোসেনসহ অন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, সংবৃতা, প্রজন্ম কণ্ঠ, স্বরচিত্র, চারুকণ্ঠ এবং আবৃত্তি সংসদের শিল্পীরা গান পরিবেশন করেন।
