২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে ঢাবির চার শিক্ষার্থীকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের চার শিক্ষার্থীসহ পাঁচজনকে মারধর করেছে ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন কর্মচারী ও আনসার সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 09:51 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শুভজিৎ হালদার, ম্যানেজমেন্টের জয় দাশ, সমাজবিজ্ঞানের গৌতম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বীপ এবং জয়ের অতিথি পলাশ। চার শিক্ষার্থীই দ্বিতীয় বর্ষের।

ওসি আবু বকর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনসার ও মেডিকেলের কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে কর্মচারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার-পাঁচজনকে মারধর করে। একজন শিক্ষার্থীর এলাকার রোগীর সঙ্গে দেখা করা নিয়ে এ ঘটনা ঘটে।

আহত জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার এলাকার দুইজন অটোরিকশা দুর্ঘটনায় আহত হয়েছে- খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে তাদের সাথে দেখা করতে যাই।

“তখনও আহতদের একজনের রক্ত পড়ছিল। তাই আমি টিস্যু পেপার আনার জন্য বাইরে যাই। পরে জরুরি বিভাগে ঢুকতে গেলে এক আনসার সদস্য আটকে দেয়।”

সেসময় ওই আনসার সদস্য ও এক কর্মচারীর সাথে কথা কাটাকাটি হয় জানিয়ে তিনি বলেন, “ওই কর্মচারী আমাকে বলে- তোকে আটতলায় নিয়ে যাব। কেন নিয়ে যাবেন- জানতে চাইলে আরও খারাপ ব্যবহার করে ওই কর্মচারী।

“তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে সে আমাকে থাপ্পর মারে। এরপর আমি হলের বন্ধুদের ফোন দিয়ে আসতে বলি। চারজন আসলে তাদেরও আটক কর মারধর করে মেডিকেলের কর্মচারীরা।”

পরে প্রভোস্টসহ হলের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করেন বলেন জানান জয় দাশ।

সাধারণ শিক্ষার্থীদের মারধরের খবর শুনে ঢাকা মেডিকেলে যান ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সও।

তিনি বলেন, “কয়েকজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে মেডিকেলের কর্মচারীরা।” 

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেলের কর্মচারীরা আমার শিক্ষার্থীদের বেধড়ক মারধরে করেছে। মেডিকেলে রোগীর দর্শনার্থীদের বের করে দেওয়া মোটও সমীচীন নয়।”

শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে মেডিকেল কর্মচারীদের শাস্তির দাবি জানিয়েছেন বলে জানান তিনি।