২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে চুয়েট শিক্ষার্থীরা

ক্যাম্পাসে যাতায়াত নিরাপদ করাসহ আট দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

রোববার সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম সিয়াম নিহত হওয়ার পর থেকে ক্যাম্পাসে টানা আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা।

আন্দোলনের কারণে চুয়েটের শিক্ষা কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।

শোভন নামে এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আট দফা জানানোর পরও তারা কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কোনো বিভাগের ক্লাস ও পরীক্ষা হয়নি বলে জানান চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান।

তবে তিনি বলেন, “শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছে।”

এদিকে সোমবার বেলা ১১টার মধ্যে আট দফা দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছে শিক্ষার্থীরা। 

আট দফা দাবির মধ্যে রয়েছে- দুর্ঘটনার জন্য দায়ী চালককে গ্রেপ্তার, চট্টগ্রাম নগরী থেকে চুয়েট ক্যাম্পাস পর্যন্ত বিআরটিসি বাস চালু, ছয় নম্বর রুটের মিনিবাস রুটকে মদুনাঘাট থেকে বাড়িয়ে বিশ্ববিদ্যালয় গেইট পর্যন্ত করা।

কাপ্তাই রোডে তিন চাকার লেগুনা, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ, স্পিড ব্রেকার ও ট্রাফিক চেকপোস্ট স্থাপন, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার এবং চুয়েট মেডিক্যাল সেন্টারের স্থাপন ও অ্যাম্বুলেন্স রাখার দাবিও রয়েছে তাদের।

এদিকে রোববার বিকালে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”