ঢাবিতে ‘ভয়েস অফ বিজনেস সপ্তাহ’ শেষ
ব্যবসায় নেতৃত্বের সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত ‘ভয়েস অফ বিজনেস সপ্তাহ-২০১৬’ শেষ হয়েছে।
এই আয়োজনের প্রথম দিন সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের আট বিভাগের ছাত্রছাত্রীদের প্রকাশনা ভয়েস অফ বিজনেস (ভব) ম্যাগাজিনের সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
অথর্নীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কামাল উদ্দীন আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রোবায়েত উল ইসলাম ও অপেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও ইশতেহাক আহমেদ মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন।
প্রথম দিনের দ্বিতীয় পর্বে উদ্যোক্তা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন ক্ষেত্রের সফল উদ্যোক্তারা উদ্যোক্তা হওয়ার পথে চ্যালেঞ্জ ও বিভিন্ন সুযোগ-সুবিধার দিক নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন।
এ পর্বে বেটার স্টোরিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা মিনহাজ আহমেদ, মিয়ানমারে এম৪পি এর প্রকল্প প্রধান ফাহাদ ইফাজসহ অন্যরা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে ‘নারী নেতৃত্ব’ বিষয়ে এক সেমিনারে কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটির প্রধান জারা মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহতাব খান, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিব আন্দালিব প্রিমাসহ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা ব্যবসায়িক ক্ষেত্রে নারী নেতৃত্বের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
এছাড়া তৃতীয় দিনে ‘ভয়েস অব বিজনেস’ (ভব) আয়োজিত ইয়ুথ কার্নিভাল চলে।
সাবেক ও বর্তমান ভব সদস্যদের অংশগ্রহণে চতুর্থ দিন বৃহস্পতিবার শেষ হয় ভব সপ্তাহ। ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আট বিভাগের ছাত্রছাত্রীদের সংগঠন ভয়েস অব বিজনেস ২০০৭ সালে যাত্রা শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবারের ভয়েস অফ বিজনেস সপ্তাহের মিডিয়া পার্টনার।
