২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু নির্যাতন বন্ধে সেমিনার ঢাবিতে

দেশের শিশু নির্যাতন রোধে নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদালয়য়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 10:35 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে কমিউনিকেশনস অ্যান্ড রিসার্চ আয়োজিত ‘সাম্প্রতিক শিশু হত্যা ও সামাজিক অস্থিরতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে এ দাবি জানান তিনি।

পরিবার, স্কুল ও খেলার মাঠসহ সবস্থানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে অধ্যাপক আরেফিন বলেন, “সাম্প্রতিক সময় নানাভাবে শিশুরা নির্যাতিত হচ্ছে, পিতা-মাতা বা শিক্ষকের হাতেও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না “

“এই নির্যাতন বন্ধে শিশু নির্যাতনে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, “প্রাথমিক স্তরেই শিশুদের নৈতিকতা, দেশাত্মবোধ, পারিবারিক বন্ধন ও মমত্ববোধের শিক্ষা প্রদান করতে হবে। শিশু সুরক্ষা নিশ্চিত করতে পেশাজীবী, গণমাধ্যম কর্মীসহ সমাজের সকলকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”

সুন্দর পরিবার ও সমাজ গঠনের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রদানের জন্য দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক তৌহিদুল হকের সভাপতিত্বে সেমিনারে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইয়া, একাত্তর টিভির ডিরেক্টর অব নিউজ সৈয়দ ইশতিয়াক রেজা, সেভ দ্যা চিলড্রেন-এর চাইল্ড প্রটেকশন শাখার পরিচালক লায়লা খন্দকার ও ইনডিপেন্ডেন্ট টিভির এ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান আলোচনায় অংশ নেন।