শাবি শিক্ষিকাকে উত্ত্যক্ত, ২ যুবককে পুলিশে সোর্পদ
সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত দুই যুবককে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।
এরা হলেন- সিলেটের ‘ফিজা অ্যান্ড কোং’র শ্রমিক রুবেল (১৯) ও হৃদয় (২০) ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর কবির জানান, শনিবার সন্ধ্যার পরে প্রধান ফটকের কাছে এক কিলো সড়কে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের প্রধান অধ্যাপক দিলারা রহমান হেঁটে যাওয়ার সময় দুই যুবক তাকে উত্ত্যক্ত করে।
“এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের ধরে মারধর করে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করে। প্রক্টোরিয়াল বডির সদস্যরা তাদের অপরাধ বিবেচনা করে জালালাবাদ থানার পুলিশের কাছে সোর্পদ করে।”
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে রুবেল ও হৃদয়কে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সোর্পদ করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
