২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সংখ্যালঘু ছাত্রী হলের কাজ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী ছাত্রীদের জন্য পাঁচতলা একটি হল নির্মাণ কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:56 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্রী হল’ নামের নতুন এ হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর আগে ২১ জানুয়ারি উত্তর ক্যাম্পাসের বিশ্ব শান্তি প্যাগোডার কাছে আদিবাসী ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছাত্রদের থাকার অগ্রাধিকার দিয়ে ‘বৌদ্ধ ও অন্যান্য সংখ্যালঘু ছাত্র হল’ নামে একটি হল নির্মাণ কাজ শুরু হয়। 

দক্ষিণ ক্যাম্পাসে চবি প্রীতিলতা হলের অদূরে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে নতুন এ ছাত্রী হলের কাজ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবু সাঈদ বলেন, ২২৫ ছাত্রীর আবাসন ব্যবস্থার লক্ষ্যে ৪২ হাজার ২৫০ বর্গফুট জায়গায় ১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে দেড় বছরের মধ্যে হলটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা।

পাঁচতলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও প্রথমে চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে বলে তিনি জানান।

প্রধান প্রকৌশলী বলেন, হলটির প্রতি ফ্লোরে আলাদা রান্নাঘর, পার্লার, লন্ড্রি এবং প্রার্থনা কক্ষ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদার সভাপতিত্বে ও ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবুল মনছুর, পালি বিভাগের অধ্যাপক জিনবোধ ভিক্ষু ও প্রক্টর আলী আজগর চৌধুরী।

পুরনো খবর:

চবিতে আদিবাসী ও বৌদ্ধ শিক্ষার্থীদের জন্য হচ্ছে নতুন হল