চবির চতুর্থ সমাবর্তন রোববার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন রোববার।
২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের এবং ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ ও চ্যান্সেলর পদক দেওয়া হবে।
এবার সমাবর্তনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন সাত হাজার ৪৯০ জন, যা অতীতের তিনটি সমাবর্তনের চেয়ে কয়েকগুণ বেশি।
এতে চ্যান্সেলর পদক পাবেন নয় জন; আর ২৫ জন পিএইচডি ও ১৩ জন এমফিল ডিগ্রি নেবেন। এছাড়া অন্যরা সাধারণ গ্র্যাজুয়েট।
বেলা ২টায় শুরু হওয়া এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমাবর্তনের সভাপতিত্ব করবেন।
প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও চবি’র সাবেক উপাচার্য আব্দুল মান্নান।
এদিকে সমাবর্তনকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
শনিবার সকাল থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে সাবেক শিক্ষার্থীরা।
বর্তমানদের সাথে অনেক সাবেক শিক্ষার্থীও উঠেছে আবাসিক হলগুলোতে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সমাবর্তনকে সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রোববার সমাবর্তনের দিন ও পরদিন সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
সমাবর্তনে অংশ নিতে আবেদনকারীদের বুধবার থেকে গাউন বিতরণ করা হচ্ছে, যা চলবে রোববার সকাল পর্যন্ত।
গাউনের সঙ্গে ‘সমাবর্তন ক্যাপ’ বিতরণ করা না হলেও কর্তৃপক্ষ গাউনের ‘কোট পিন’ বিতরণ করছে বলে জানান রেজিস্ট্রার।
সমাবর্তনের যোগদিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা, সাড়ে ১০টা, বিকাল ২টা ১০ ও রাত সাড়ে আটটায় চট্টগ্রাম পুরাতন স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এছাড়া ক্যাম্পাস থেকে ৮টা ২০, ৮টা ৫০, ১০টা, বিকাল ৫টা, ৬টা, ৭টা ও রাত সাড়ে নয়টায় ক্যম্পাস থেকে শহরের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে আসবে।
