২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তপূরণে ব্যর্থ হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শর্তপূরণে ব্যর্থ হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

তিনি বলেছেন, “সরকার নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তনে মন্ত্রী এ কথা বলেন।

আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবর্তনে শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, “যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি, একাধিক ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে, তাদের জন্য সরকার এক বছর সময় বেঁধে দিয়েছে।”

আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে এক বছর অতিক্রান্তে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Image
বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তনে অতিথিরা

বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তনে অতিথিরা

নাহিদ বলেন, “দেশের জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ উচ্চ শিক্ষিত জনশক্তি গড়ে তুলতে না পারলে দেশ উন্নত হবে না। সে ধরনের উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে।

"মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং, কৃষিবিদ্যার মতো জীবনমুখী প্রযুক্তিগত শিক্ষার প্রসারে অনেকগুলো বিশেষায়িত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে শেখ হাসিনার সরকার।”

সমাবর্তন বক্তা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বিশ্বব্যাপী জরিপে 'আশাবাদী দেশ' হিসেবে বাংলাদেশের শীর্ষ স্থান অর্জন করার কথা উল্লেখ করে বলেন, “অনেক বড় বড় বিশ্বশক্তির বিরোধিতা সত্ত্বেও আশাবাদী তরুণরাই এ দেশকে স্বাধীন করেছে। আজকে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্বও তাদের।”

সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য মোহাম্মদ ফরাসউদ্দিন বক্তব্য রাখেন।

এতে দুই হাজার ১৯৭ জনকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।