২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে শিক্ষক লাঞ্ছনা: ছাত্রলীগের ৩ কর্মীকে শো কজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোজাহিদুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের তিন কর্মীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 11:53 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার বিকালে তাদেরকে এ নোটিস পাঠানোর সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

এর আগে দুপুরে অধ্যাপক মোজাহিদুল ইসলাম এক ছাত্রীর লাঞ্ছনা ঠেকাতে গিয়ে লাঞ্ছিত হওয়ার বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্র দেন।

ওই তিন ছাত্রলীগকর্মী হলেন- সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম আবর্তনের শিক্ষার্থী মো. আবু সাদাত সায়েম, ৪৩তম আবর্তনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জামশেদ আলম ও বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান।

বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের ওই তিনি শিক্ষার্থী প্রক্টর অফিস থেকে কারণ দর্শানোর নোটিস নিয়ে আসার কথাও জানিয়েছেন।

প্রক্টর অধ্যাপক তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাপক মোজাহিদ শনিবার দুপুরে প্রক্টর বারাবর ওই তিন ছাত্রের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দেন। এর পরিপ্রেক্ষিতেই প্রক্টরিয়াল টিমের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“তাদেরকে তিন কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দিতে হবে; ব্যর্থ হলে শিক্ষার্থীদের আচরণবিধির ৪ ও ৫ নম্বর ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অধ্যাপক মোজাহিদুল অভিযোগপত্রে বলেন, “বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চৌরঙ্গী মোড়ে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী কর্তৃক বহিরাগত এক ছাত্রী নিপীড়নের ও তার বন্ধু মারধরের শিকার হয়। উক্ত ঘটনা থামাতে গিয়ে আমি ওই তিন শিক্ষার্থীর দ্বারা লাঞ্ছনার শিকার হই।

“উক্ত ঘটনা সম্পর্কে আমার সুনির্দিষ্ট অভিযোগগুলো হল- ‘একজন পুরুষ শিক্ষার্থী কর্তৃক একজন নারী শিক্ষার্থী আক্রান্ত হয়, যা স্পষ্টতঃ যৌন নিপীড়ন’, ‘দুইজন শিক্ষার্থী কর্তৃক ওই মেয়েটির সঙ্গে থাকা ছেলেটিকে মারধর করা হয়’ এবং ‘ঘটনা থামাতে গিয়ে আমি আক্রমণকারী তিন শিক্ষার্থী দ্বারা লাঞ্ছিত হই।”

অভিযোগপত্রে অধ্যাপক মোজাহিদুল অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কারণ দর্শানোর নোটিসের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগকর্মী আবু সায়েম বলেন, “আমরা নোটিস পেয়েছি। তিনজনে মিলেই প্রক্টর অফিস থেকে নোটিসটি নিয়ে এসেছি।”