রেসিডেন্সিয়ালের মিলনমেলা পিছিয়েছে
রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ২২ জানুয়ারি থেকে পিছিয়ে ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের কারণে পুনর্মিলনীর তারিখ পেছানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ওল্ড রেমিয়ানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ওআরডব্লিউএ) এর সংস্কৃতি সম্পাদক মোসলেহ উদ্দিন সজিব।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২২ তারিখই পুনর্মিলনী অনুষ্ঠান করার সবরকম প্রস্তুতি চলছিল। তবে এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, ওই দিন কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। তাই আমাদের অনুষ্ঠানে পিছিয়ে দেওয়া হয়েছে।”
সজিব জানান, পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার সাবেক শিক্ষার্থীর উপস্থিত হওয়ার কথা; যাদের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, সিভিল সার্ভিস এবং পুলিশের ঊধ্বতন কর্মকর্তা রয়েছেন।
তিনি জানান, ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় কলেজ মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হবে। বিকাল ৪টায় শুরু হবে ওআরডব্লিউএ’র বার্ষিক সাধারণ সভা। সভা শেষে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে।
