২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষাও নিচ্ছেন না শাবি শিক্ষকরা

বেতন কাঠামোয় 'বৈষম্য ও অসঙ্গতি' নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে টানা ক্লাস বর্জনের সঙ্গে এবার কোনো ধরনের পরীক্ষাও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 06:34 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গণি।

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল এবং গ্রেডে মর্যাদার অবনমনের প্রতিবাদে প্রায় নয় মাস ধরে আন্দোলন করে আসছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সম্প্রতি বেতন কাঠামোর গেজেট প্রকাশের পর কর্মসূচি আরও কঠোর করেছেন তারা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা, যাতে কার্যত অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম।

ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, শাহজালাল বিশ্বিবিদ্যালয়সহ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের ক্লাস বর্জন।

ক্লাস বর্জনের সিদ্ধান্ত ফেডারেশন থেকে এলেও পরীক্ষার বিষয়টি তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ওপর ছেড়ে দেয় জানিয়ে অধ্যাপক গণি বলেন, "আজকে সভা করে আমরা সর্বাত্মক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি। তাই আগামীকাল (বুধবার) থেকে আমরা ক্লাসের পাশাপাশি সব ধরনের পরীক্ষা বর্জনেরও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছি।"

এছাড়া বুধবার শিক্ষক সমিতির উদ্যোগে বেতন কাঠামোয় অসঙ্গতি নিরসনের দাবিতে মিছিল ও সমাবেশ করবেন বলেও জানান বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক নেতা।

এদিকে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে কোনো ক্লাস হয়নি; পরীক্ষাও নিতে দেখা যায়নি কোনো বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করলেও ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের তুলনায় অনেক কম।

পুরনো খবর:

ছেলে-মেয়েদের পড়াশোনা বন্ধ করবেন না: শিক্ষকদের প্রধানমন্ত্রী
পাবলিক বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা দ্বিতীয় দিনে
আমরা ভেসে আসি নাই: শিক্ষক সমিতি নেতা ফরিদ