২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো জাবির সরকার ও রাজনীতি বিভাগের পুনর্মিলনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 04:48 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

‘ছড়িয়ে গিয়ে জড়িয়ে থাকি, প্রীতিতে স্মৃতি অটুট রাখি’ শ্লোগানে শুক্রবার সকাল ১০টায় শুরু হয় এ পুনর্মিলনী উৎসব। সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বসহ বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী নানা আয়োজন ছিল এই উৎসবে।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে পুনর্মিলনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এরপর একটি আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক ঘুরে ক্যাফেটেরিয়া চত্বরে এসে শেষ হয়।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল বৃক্ষরোপন, সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, পিঠা উৎসব, সাবেক ও বতর্মান শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, শিশুদের খেলাধুলা প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো, সাপের খেলা ও মোড়গ লড়াই।

এরপর সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তমঞ্চে চলে সাংস্কৃতিক পর্ব। এতে অতিথি শিল্পী সায়ান সংগীত পরিবেশন করেন।

১৯৭৮ সালে যাত্রা করা সরকার ও রাজনীতি বিভাগের প্রায় এক হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা পুনর্মিলীতে যোগ দেয় বলে বিভাগের সহযোগী অধ্যাপক ও দ্বিতীয় পুনর্মিলনীর আহ্বায়ক বশির আহমেদ জানান।

অধ্যাপক বশির বলেন, এবার বিভিন্ন ক্যাটাগরিতে আটজন ব্যক্তিকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সম্মাননা দেওয়া হয়েছে।

দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামকে বিশেষ সম্মাননা এবং সরকার ও রাজনীতি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক গোলাম কবীর, অধ্যাপক গোলাম হোসেন এবং বিভাগের প্রথম অফিস পিয়ন তমিজ উদ্দিনকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়।

এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন-বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম সালিমউল্লাহ খান, অধ্যাপক দিলারা চৌধুরী ও অধ্যাপক জোহরা খানম।

এর আগে ২০০৬ সালে সরকার ও রাজনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৩২টি ব্যাচ এ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছে। বর্তমানে আরও পাঁচটি ব্যাচ অধ্যায়নরত।