মিলন মেলায় বুয়েটের সাবেক শিক্ষার্থীরা
গল্প, আড্ডা, স্মৃতিচারণাসহ মনমুগ্ধকর পরিবেশনায় ফেলে আসা দিনগুলোকে স্মরণ করল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার প্রিয় ক্যাম্পাসে পুরনো বন্ধুকে কাছে পেয়ে মাতোয়ারা শিক্ষার্থীদের অনেককেই দেখা গেছে আপ্লুত হয়ে পড়তে।
এর আগে ‘বুয়েট অ্যালামনাই-২০১৬ এর গ্র্যান্ড রিইউনিয়নে’ সকাল থেকে জড়ো হতে থাকেন বুয়েটের সাবেক শিক্ষার্থীরা।
বেলা ১২টার দিকে প্রকৌশলীদের মিলনমেলায় পরিণত হয় বুয়েট মাঠ। অনেকেই এসেছিলেন পরিবারের সদস্যদের নিয়ে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাটা হয় কেক। অনুষ্ঠানে কৃতিত্বের সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের দেওয়া হয় ক্রেস্ট।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রকৌশলী ইমাম উদ্দিন চৌধুরী, বুয়েট অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাদিকুল ইসলাম ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বুয়েট অ্যালামনাইয়ের সমন্বয়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন গ্র্যান্ড রিইউনিয়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ইকবাল মাহমুদ স্মৃতিচারণ করে বলেন, “বুয়েটের মাঠ, ভবন, পরিবেশ, কার্যক্রম, কাজের মান সবই আগের মতো আছে। প্রযুক্তির ছোঁয়ায় হয়তো অনেক কিছুই বদলেছে, কিন্তু বেসিক পরিবর্তন হয় নাই। বুয়েট সেই আগের মতোই প্রাণবন্ত আছে।”
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “আমাদের নতুন নতুন উদ্ভাবনীর দিকে নজর দেওয়া উচিত। প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে। টেকসই ও সবুজ উন্নয়নের কথা এখনই ভাবা দরকার।”
“আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে উন্নতি, অগ্রগতি ও আবিষ্কারের দিকে নিয়ে যায়।”
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “বুয়েটের গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আরও সামনের দিকে এগোতে হবে। গ্লোবাল র্যাংকিংয়ে বুয়েটকে এখনও দেখা যায় না। আমরা যেন বিশ্ব র্যাংকিংয়ে পৌঁছুতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।”
