জাবি প্রক্টর তপনের অব্যাহতি দাবি ‘শিক্ষক মঞ্চের’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক তপন কুমার সাহাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চ’।
শনিবার সন্ধ্যায় মঞ্চের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
মঞ্চের মুখপাত্র দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ ডিসেম্বর ফার্মেসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে এক শিক্ষার্থীর অসুস্থ হওয়াকে কেন্দ্র করে মারধর ও গুলি ছোড়ার ঘটনায় প্রক্টর তপন যথাযথ পদক্ষেপ না নিয়ে ‘উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মাধ্যমে দায়িত্বহীন কাজ করায়’ এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “মারধর ও গুলি ছোড়ার ঘটনায় প্রক্টর যথাযথ পদক্ষেপ না নিয়ে ছাত্রলীগ কর্মীদের দিয়ে একজন শিক্ষককে আটকে রাখতে বলে যে উস্কানি দিয়েছেন তা অত্যন্ত গর্হিত কাজ।”
এতে বলা হয়, “প্রকাশিত সংবাদ অনুযায়ী একটি অডিও কথপোকথনে প্রক্টর এক ছাত্রলীগ কর্মীকে যে নির্দেশ দিয়েছেন তাতে তিনি স্পষ্টতই তার দায়িত্ব এড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের একটি বিভাগের সভাপতির বিরুদ্ধে উস্কানি দিয়েছেন।
“দায়িত্বশীল একটি পদকে তিনি এমনভাবে অপব্যবহারের চেষ্টা করেছেন যাতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক বিনষ্ট হয়।”
এর আগেও রাসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহার বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ আছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
এতে বলা হয়, “গত পহেলা বৈশাখে ছাত্রলীগ কর্মীদের হাতে এক আদিবাসী শিক্ষার্থীর যৌন হয়রানির ঘটনায়ও বর্তমান প্রক্টরের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি নিজেই ভুক্তভোগী শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের নামে ধমক দিচ্ছিলেন, এমন অভিযোগ তখন আমরা পেয়েছিলাম।
“এমতাবস্থায় আমরা মনে করি, অধ্যাপক তপন কুমার সাহা প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাই অবিলম্বে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক।”
বিবৃতিতে এই ইস্যুতে শিক্ষক সমিতির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, “আমরা অত্যন্ত বিস্মিত হয়েছি, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে শিক্ষক সমিতির সুস্পষ্ট কোনো ভাষ্য নেই।”
