ভিকারুননিসায় প্রথম পুনর্মিলনী
প্রতিষ্ঠার ৬৩ বছর পর প্রথম পুনর্মিলনী করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
শনিবার বেইলি রোডের স্কুল প্রাঙ্গণে ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই পুর্নমিলনীর আয়োজন করে, যাতে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্রীরা অংশ নেন।
পুনর্মিলনীর বক্তব্যে স্পিকার ভিকারুননিসার সাবেক ছাত্রীরাসহ সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা নারীদের প্রতি পিছিয়ে পড়া নারীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
স্পিকার শিরিন শারমিন বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে। বিভিন্ন ধরনের পেশাসহ রাষ্ট্রের সবক্ষেত্রে নারীরা এখন সফলভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করছেন।
নারী শিক্ষায় ভিকারুননিসা নূন স্কুলের 'গুরুত্বপূর্ণ অবদান' রয়েছে মন্তব্য করে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান ছাত্রীদের তৈরি করতে স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দেশের প্রথম নারী স্পিকার।
একই আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “নারী জাগরণ, দক্ষতা ও যোগ্যতাসহ সবদিক থেকে ভিকারুননিসার শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।
"তবে শুধু নিজেরা এগিয়ে থাকলে হবে না। সমাজের যারা পিছিয়ে আছে তাদেরকেও এগিয়ে নেয়ার কাজে অংশ নিতে হবে। তা না হলে দেশ এগোবে না।”
স্কুলের অবকাঠামো দুর্বলতা দূর করতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের এই চেয়ারম্যান।
১৯৪৭ সালে প্রতিষ্ঠিত 'রমনা প্রিপারেটরি স্কুল' পরবর্তীতে ১৯৫২ সালে বর্তমান ভিকারুননিসা নূন স্কুল নামে বেইলি রোডে যাত্রা শুরু করে।
বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখা মিলিয়ে ২৫ হাজার ছাত্রী রয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন।
ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বুসরা হাসিনা চৌধুরীর সভাপতিত্বে পুনর্মিলনীর আলোচনা পর্বে সাবেক অধ্যক্ষ মনজু আরা বেগম ও পুনর্মিলনীর প্রধান সহযোগী গ্রিন ডেল্টা ইনসুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী বক্তব্য রাখেন।
এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ইফাত গিয়াস আরেফিন উপস্থিত ছিলেন।
বর্তমান ভিকারুননিসা স্কুল ৬৩ বছর আগে প্রতিষ্ঠিত হলেও এতদিন এই স্কুলের কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল না।
২০১৫ সালে স্কুলের প্রাক্তন ছাত্রী বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক বুসরা হাসিনা চৌধুরীসহ কয়েকজন অ্যালামনাই গঠনের উদ্যাগ নেন।
তাদের উদ্যোগেই এই প্রথমবার স্কুলের প্রাক্তন ছাত্রীদের এ মিলনমেলা হলো।
বুসরা চৌধুরী বলেন,“এই অ্যালামনাই এখন থেকে স্কুলের পাশে থাকবে। থাকবে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের পাশে। বিশেষ করে অ্যালামনাই এখানকার শিক্ষার্থীদের ক্যারিয়ার ও লিগ্যাল কাউন্সিল করার মাধ্যমে পাশে থাকবে।”
