মারধরে আহত শিক্ষার্থীর পক্ষে মামলা করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘ছিনতাইকারীদের’ মারধরে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সরকার তানভীর মাহবুবের পক্ষে শ্যামপুর থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন বলে শ্যামপুর থানার এসআই মাহবুবুল হক বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “মামলায় সুজন ও জুয়েল নামের দুই লেগুনা শ্রমিককে আসামি করা হয়েছে। মামলটি তদন্তের জন্য শ্যামপুর থানার এসআই আকবর আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
পরে খবর পেয়ে তানভীরকে তার বন্ধুরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে নেওয়া হয় ল্যাবএইড হাসপাতালে। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।
তানভীরকে মারধরের পর রাতেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক ও বাংলাবাজার চৌরাস্তা এলাকা দখল করে গড়ে ওঠা অবৈধ’ লেগুনা স্ট্যান্ডে হামলা চালিয়ে ছয়টি লেগুনা আটক করেছিল। শনিবার সকালে কোতোয়ালি থানা পুলিশ লেগুনাগুলো থানায় নিয়ে যায়।
এরপর মেঘনা পরিবহনের ওই লেগুনার মালিক মো. বাহার গত রোববার সমঝোতার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এসেছিলেন। তিনি তানভীরের চিকিৎসার সমস্ত ব্যয় বহন এবং ছিনিয়ে নেওয়া জিনিসপত্র ফেরত দেওয়া হবে বলে হলফনামা দেন।
