জাবিতে ভর্তির সাক্ষাৎকার শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হয়েছে শনিবার; চলবে আগামী সোমবার পর্যন্ত।
গত ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হয়। সাক্ষাৎকারে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে ২৭ ডিসেম্বর এবং ভর্তি চলবে আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত।
নতুন বছরের ১৬ জানুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনি, রোব ও সোমবার ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মেধা তালিকায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নেওয়া হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সাক্ষাৎকার নেওয়া হবে।
“তবে কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলার ব্যবহারিক পরীক্ষা থাকায় এ দুই বিভাগের সাক্ষাৎকার বুধবার পর্যন্ত চলবে।”
মোহাম্মদ আলী জানান, মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, দলিত সম্প্রদায় ও প্রতিবন্ধী কোটায় ভর্তির জন্য অগ্রণী ব্যাংকের জাবি শাখায় ২০০ টাকা ফি জমা দিয়ে ফরম সংগ্রহ করে বুধবারের মধ্যে তা ভর্তি শাখায় জামা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।
