২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্যের সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2015, 09:41 PM

Updated : 12 Oct 2022, 04:41 PM

সোমবার ভোরে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় শোকাবহ এই দিন পালনে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি।

এরপর শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শোক র‌্যালিতে অংশ নেন। শোক র‌্যালিটি বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।

শোক র‌্যালি শেষে বঙ্গবন্ধু চত্বরে হয় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা, যাতে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের স্বাধীনতার পেছনে বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন শিক্ষকরা।

আলোচনা সভার শুরুতেই দেশের শহীদ সূর্য সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় চবি উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে স্বাধীন বাংলাদেশ।

“পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশের সবচেয়ে মেধাবী সন্তানদের হত্যা করেছিল-যাতে জাতি হিসেবে আমরা কখনো মাথা তুলে দাঁড়াতে না পারি। তবে তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।”

এ সময়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খানের সঞ্চালনায় ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ও সাধারণ সম্পাদক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক সুলতান আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা ও প্রক্টর আলী আজগর চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন।

এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে মুনাজাত এবং অন্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে প্রার্থনা করা হয়।