তিতুমীর কলেজে সংঘর্ষে ৭ জন আহত
রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসে ও ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাসের।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসে এ সংঘর্ষের সময় কলেজ মিলনায়তনে ‘মাদকের ভয়াবহতা’ নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান হচ্ছিল।
সংঘর্ষে আহত আবু বকর (২২), সুমন (২১), মাইনুদ্দিন (২২), আবু বকর সিদ্দীক (২২), আব্দুল আজিজ (২৩), বেল্লাল হোসেন (২৪) এবং জয়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে কয়েকজনের মাথা এবং হাত ও পায়ের আঘাত গুরুতর বলে হাসপাতাল সূত্র জানায়।
কলেজ অধ্যক্ষ আবু হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অডিটোরিয়ামের অনুষ্ঠানে ছিলাম। বেলা ১২টার দিকে শুনি বাইরে গণ্ডগোল হচ্ছে। বেরিয়ে দেখি দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে।”
পুলিশ এসে বেলা সোয়া ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
কাদের মধ্যে ও কেন সংঘর্ষ হয়েছে তা জানা নেই উল্লেখ করে অধ্যক্ষ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ গ্রুপের মধ্যে সংঘর্ষ হতে পারে।”
হাসান নামে এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার পুরাতন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে গণ্ডগোল হয়। ওই গণ্ডগোলের সূত্র ধরেই শনিবারের সংঘর্ষ।
