২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ভর্তি: সাক্ষাৎকার দিতে গিয়ে আটক ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজ বিজ্ঞান অনুষদে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির সাক্ষাৎকার দিতে গিয়ে দুই জন এবং তাদের ছাড়াতে গিয়ে আরেক জন আটক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 03:05 AM

Updated : 22 Aug 2022, 02:13 PM

তাদেরকে বৃহস্পতিবার বিকেলে আটকের পর হাটহাজারী থানায় হস্তান্তর করা হয় বলে জানান প্রক্টর আলী আজগর চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত পরীক্ষায় খলিলুল্লাহ ও মোরশেদ কবিরের নামে যে আইডি কার্ড বরাদ্দ ছিল তাতে থাকা ছবির সঙ্গে আজ যারা সাক্ষাৎকার দিতে এসেছেন তাদের চেহারার মিল নেই।

“তাদের স্বাক্ষরেও গরমিল পাওয়া গেছে। ধারণা করছি, তাদের হয়ে অন্য কেউ লিখিত পরীক্ষা দিয়েছিল।”

প্রক্টর আজগর জানান, খলিলুল্লাহ ও মোরশেদকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ওসমান গণি তাদেরকে ছাড়িয়ে নিতে প্রক্টর অফিসে গেলে তাকেও আটক করা হয়।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন জনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আটক করে তাদের কাছে হস্তান্তর করে।

“আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”